পার্বত্য অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের টার্গেট করে হরিণের মাংসের নামে বানরের মাংস বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সচেতনতামূলক পোস্ট এই অভিযোগ করা হয়।
ওই পোস্টটিতে বলা হয়, পাহাড়ে বেড়াতে আসা পর্যটক এবং স্থানীয়দের অনেকেই হরিণের মাংসের স্বাদ নিতে চান। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারণা করছে। হরিণ ও বানরের কাটা মাংস দেখতে অনেকটা একই রকম হওয়ায়, বানরের মাংসকে ‘হরিণের মাংস’ হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়।
পোস্টটিতে পার্বত্য অঞ্চলে ঘুরতে যাওয়া পর্যটক ও সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে না চিনে বা নিশ্চিত না হয়ে পাহাড়ে যেকোনো ধরনের পশুর মাংস কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পর্যটক এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতারক চক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
